নভেম্বর ১১, ২০২৬, ০৬:৩৩ পিএম
অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে নজর কেড়েছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। তবে কি এবার জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে বলিউডের কোনো তারকাকে? সেই সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়। আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন হৃতিক রোশান। পর্দায় তার ব্যক্তিত্ব, স্টাইল ও অ্যাকশন দৃশ্যে সাবলীলতা— সব মিলিয়ে তাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখতে চাইছেন সামাজিক মাধ্যমের নেটিজেনসহ ভক্ত-অনুরাগীরা। যদিও এ মুহূর্তে জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশানের অভিনয় করার কোনো খবর নেই। তবু তাকে নিয়ে জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। ভক্তদের এই উন্মাদনা বলিপাড়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ২০২৬ সালের ফিল্ম গালাতে হাজির হয়েছিলেন হৃতিক রোশান। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও ডিউন সিনেমার পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে দেখা যায় বলি অভিনেতাকে। অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে নজর কেড়েছিলেন তিনি। তার সেই ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়তেই তার ভক্ত-অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন জেগেছে— পরবর্তী জেমস বন্ড হিসেবে হৃতিক রোশানকে ভাবা যায় না কেন? তার লুক এবং ফিটনেস এই চরিত্রের জন্য বেশ মানানসই বলেই মনে করছেন অনেকে।
এবার সেই জল্পনার পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র। পরবর্তী জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করার কথা ডেনিস ভিলনভের। ফলে তার সঙ্গে হৃতিক রোশানের একই অনুষ্ঠানে উপস্থিতি এবং একসঙ্গে ছবি তোলার মুহূর্তকে ঘিরে ভক্ত-অনুরাগীদের কল্পনা আরও ডানা মেলেছে। আন্তর্জাতিক মঞ্চে বলিউডের এই জনপ্রিয় তারকার উপস্থিতি ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, হলিউডের প্রখ্যাত পরিচালকের সঙ্গে এই সাক্ষাৎ ভবিষ্যতে নতুন কোনো সুযোগের দরজা খুলে দিতে পারে।
যদিও তাদের মধ্যে জেমস বন্ডের চরিত্র নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়েছে, এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবু সামাজিক মাধ্যমে নেটিজেনদের কেউ কেউ সরাসরি হৃতিক রোশানের জন্য বন্ডের অডিশনের দাবি তুলেছেন। আবার কেউ কেউ মনে করছেন, ভিলনভের পরিচালনায় হৃতিককে শূন্য শূন্য সেভেন বা জেমস বন্ডের ভূমিকায় বড়পর্দায় দেখলে দারুণ জমবে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা হৃতিক ভক্তরা এখন থেকেই এই কল্পনায় বুঁদ হয়ে আছেন।
বলিউডে অ্যাকশন হিরো হিসেবে হৃতিকের খ্যাতি সর্বজনবিদিত। ওয়ার বা ব্যাং ব্যাং এর মতো সিনেমায় তার অ্যাকশন দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্যে তার সাবলীল অভিনয় হলিউডি সিনেমার মাপকাঠিকেও ছুঁয়ে যায়। সে কারণেই জেমস বন্ডের মতো বিশ্বখ্যাত গুপ্তচর চরিত্রের জন্য তার নাম উঠে আসায় অবাক হওয়ার কিছু দেখছেন না চলচ্চিত্র বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এই জল্পনা কেবল ভক্তদের কল্পনায় সীমাবদ্ধ থাকে নাকি ভবিষ্যতে সত্যিই কোনো চমক নিয়ে হাজির হন এই তারকা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন